বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়ার মৃত পাইংসাউ মার্মার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় বন্যহাতি ও বন্যশূকরের উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর অংশ হিসেবে স্থানীয় এক বাসিন্দার বাগানে হাতি তাড়ানোর জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মংচেসা মার্মার মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে জোরালো ধারণা রয়েছে। ঘটনার পর থেকে ওই বাগানের মালিক আত্মগোপনে রয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি দ্রুত লামা থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, "মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, হাতি তাড়ানোর জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্যসমূহ
লগইন করুন